মৌলভীবাজার কুলাউড়া উপজেলার পাঠকপ্রিয় অনলাইন গণমাধ্যম হাজীপুর টাইমস এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক এবং কুলাউড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মাহদী হাসান কামাল’কে প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটিকে অনেকে গণমাধ্যমের স্বাধীনতায় অসংগত হস্তক্ষেপের শামিল বলে মনে করছেন। বিষয়টি নিয়ে টাইমস পরিবারের পক্ষ থেকে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যা পুলিশ গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।
অভিযোগসূত্রে জানা যায়, ১৩ নভেম্বর একটি রাজনৈতিক গ্রুপের অডিও বার্তা প্রকাশের পর বিকেলে একটি ফেসবুক আইডি থেকে সম্পাদককে উদ্দেশ্য করে শঙ্কাজনক হুমকি প্রদান করা হয়।
এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উঠে এসেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়ন শাখার সভাপতি পাবেল হাসান এর নাম।
অভিযোগকারী জানান, হুমকিটিতে ব্যবহৃত ভাষা তার ব্যক্তিগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার পাশাপাশি একজন সাংবাদিক হিসেবে তার স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
ঘটনার পেক্ষিতে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আইনগত যাচাই-বাছাইয়ের মাধ্যমে তদন্তাধীন।
পুলিশের একটি সূত্র বলছে, হুমকির ধরন ও প্ল্যাটফর্ম ব্যবহারের কারণে ঘটনাটিতে সাইবার অপরাধ আইনের আওতাভুক্ত হওয়ার মতো উপাদান রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
স্থানীয় সাংবাদিকরা মনে করছেন এ ধরনের হুমকি শুধু ব্যক্তিকেই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশের প্রতি একটি উদ্বেগজনক বার্তা বহন করে। বিষয়টি নিয়ে ফেসবুকে নিন্দার ঝড় উঠলে অভিযুক্ত পাবেল হাসান প্রবাসে অবস্থান করে এমন মন্তব্য করায় নেটিজেনরা এই ঘটনাকে নিষিদ্ধ সংগঠন আআওয়ামীলীগের উশৃংখলা সৃষ্টির অংশ হিসেবে মনে করছেন।