দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের সন্তান, মণিপুরী সম্প্রদায়ের গর্ব সন্দ্বীপ কুমার সিংহ বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়।এরই ধারাবাহিকতায় গতকাল ১০ নভেম্বর বরগুনা জেলার নতুন ডিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সন্দ্বীপ কুমার সিংহ।
সন্দ্বীপ কুমার সিংহ এর আগে সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের জন্য প্রশাসনে তিনি একজন দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত। কর্মজীবনের শুরু থেকেই তিনি মাঠ প্রশাসনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
নিজ এলাকা কমলগঞ্জসহ সারাদেশের মণিপুরী সমাজ তার এই পদায়নে গর্বিত ও আনন্দিত। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে টাইমলাইন।