জাতীয় পার্টি (কাজী জাফর) গ্রুপের মহাসচিব আহসান হাবিব লিংকনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান।
রবিবার (২৮ ডিসেম্বর) খিলগাস্ত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয় থেকে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা প্রেরিত এক বার্তায় জানান, আজ পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার এর সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সম্পাদক মন্ডলের সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার সর্বসম্মতিক্রমে প্রেসিডিয়ামের সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খানকে জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব (ভারপ্রাপ্ত) মনোনীত করা হয়। নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে বিগত তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১২ দলীয় জোটের জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবিব লিংকন জাতীয় পার্টি ও বিএনপি থেকে যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন। এবং এর সাথে কুষ্টিয়া-২ আসন থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন।