সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে যুক্তরাষ্ট্র ও কানাডার রাজনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে, এই বট আইডিগুলোর কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচালিত হলেও বাংলাদেশ, বিশেষত মৌলভীবাজারের নাম সামনে এসেছে।
সানফ্রান্সিসকো ক্রনিকলের অনুসন্ধানে উঠে এসেছে ‘ক্রিস্টল মেরি’ নামে একটি বট আইডির কথা, যা পরিচালনা করতেন বাংলাদেশের ২১ বছর বয়সী সাঈদ আহমেদ। অভিযোগ অনুযায়ী, মৌলভীবাজার থেকেই তিনি এই আইডি পরিচালনা করতেন। এ অ্যাকাউন্ট থেকে “Convoy Freedom-2022” নামে একটি গ্রুপ তৈরি করা হয়, যা কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে ট্রাকচালকদের আন্দোলনকে সমর্থন দিত।
এ ছাড়া আইডি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ট্রুডোর মতো উদারপন্থি নেতাদের বিরুদ্ধে অসংখ্য পোস্ট ছড়ানো হয়, যার ফলে অল্প সময়েই এর ফলোয়ার সংখ্যা ১৫ হাজারে পৌঁছে যায়।
গণমাধ্যমগুলো বলছে, এসব বট অ্যাকাউন্টের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য রাজনীতিকে অস্থিতিশীল করে তুলছে এবং সামাজিক নেটওয়ার্কগুলোর তদারকি দুর্বলতাও প্রকাশ করছে।
গত ফেব্রুয়ারিতে নিউজসাইট ‘গ্রিড’-এর অনুসন্ধানের পর ফেসবুক কনভয়পন্থি কয়েকটি বড় গ্রুপ সরিয়ে দেয়, যেগুলোর একাধিক গ্রুপের পেছনেও বাংলাদেশি বটদের সম্পৃক্ততা পাওয়া যায়। অস্ট্রেলিয়াতেও একই ধরনের প্রতারণামূলক গ্রুপ পরিচালনার অভিযোগ উঠেছে।
এমন অনেক গ্রুপ রাজনৈতিক বিভাজনকে উত্তেজিত করলেও সবগুলোর লক্ষ্য এক নয়। কিছু গ্রুপের উদ্দেশ্য একমাত্র টি-শার্ট, মগ, টাম্বলার, ক্যাপ, ব্যাগসহ বিভিন্ন কাস্টমাইজড পণ্যের বিক্রি বাড়ানো। মার্কিন প্রতিষ্ঠান GearLaunch–এর সঙ্গে এসব গ্রুপের সংযোগের তথ্যও উঠে এসেছে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশ ও ভিয়েতনামে বড় নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে বিপণনকারীদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ভুয়া আইডি দিয়ে পোস্ট ছড়ানোর অভিযোগ আছে।
/সুত্র: সমকাল (২৫ নভেম্বর ২৫)/